কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ ২ জন আটক। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। অভিযানের সময় একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার রাতে কলমাকান্দা বাজারের রেন্ট্রিতলা এলাকায় পাহাড়ী ট্রাভেলসের বাস কাউন্টারের সামনে থেকে আট বোতল মদসহ জাকির হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রংছাতি ইউনিয়নের সন্নাসীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় সুমন মিয়া (২৬) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে সারোয়ার হোসেন (৩১) নামের আরেক ব্যক্তি পালিয়ে যাওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।পুলিশের এজাহার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে রংছাতি ইউনিয়ন থেকে পাহাড়ী ট্রাভেলসের বাসে করে ভারতীয় মদ কলমাকান্দা বাজারে আনা হয়। পরে রাত ১০টায় বাস কাউন্টারের সামনে বাসটিতে তল্লাশি চালিয়ে জাকিরের ব্যাগ থেকে আট বোতল মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।পরে জাকিরকে নিয়ে সন্নাসীপাড়ায় সারোয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সারোয়ার পালিয়ে যায়। পরে বাড়ির পেছনের ধানক্ষেত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা আরও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, উদ্ধার করা মদ গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় জাকির, সুমন ও সারোয়ারের বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে আমদানিনিষিদ্ধ মদ আনা ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। কলমাকান্দা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
