কলমাকান্দা প্রতিনিধিঃ
বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার,নদীর চড় দখলমুক্ত করা, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও এবং মানবন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ।বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন সুশীলসমাজের ব্যানারে কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির দাবি জানায়।কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের বিকাশ নানা কারণে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং পারিপার্শ্বিক পরিবেশ দূষণের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।বিবৃতিতে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা, বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।তারা আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই। একই সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রশাসন দ্রুত এসব দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।কর্মসূচিতে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ বল মামুন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।
