বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে তুরস্ক-জাপানে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬ শিক্ষার্থী। আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।
সোমবার (১০ আগস্ট) উপাচার্য কার্যালয়ে উপাচার্যের সঙ্গে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ অর্জন নোবিপ্রবি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি।” আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়াকে তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন।
উপাচার্য আরো বলেন, “তোমরা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছো তারা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এবং বিদেশে নোবিপ্রবির সুনাম রক্ষা করবে।”
এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ আরো বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব সম্প্রসারণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী মো. মহসিন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, নোবিপ্রবির ছয় শিক্ষার্থী ইন্টারন্যাশনাল মবিলিটি ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন।
