কক্সবাজারের চকরিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান উদ্দিন চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে মিজানসহ তিনজন যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/তারেকুর/রাজীব
